শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ
অতি বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধিজনিত কারনে মাগুরার শালিখার নিচু জমিতে পানি জমে গেছে। ফলে কৃষকদের সবজির ক্ষেত ও আমন ধানের ক্ষতি হয়েছে৷
শালিখা উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭০ হেক্টর জমি। চাষিরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শীতকালীন সবজির চারা রোপণ ও বীজ বপন শুরু করেছেন। এছাড়া, খরিপ-১ মৌসুমের চাষ হয়েছিলো ৩০০ হেক্টর জমিতে। উপজেলায় এবছর রোপা আমন ধান চাষ হয়েছে ১৪ হাজার ৫৯০হেক্টর জমিতে। এর মধ্যে ৯ হেক্টর জমির ধান অতিবৃষ্টিতে সম্পূর্ন ক্ষতি হয়েছে৷
এদিকে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার পাটভাড়ার বিল,বুরুলের বিল, শতখালী,থৈপাড়া,কালিবাড়ী,বরইচারা,ধাওখালী,মশাখালী,সর্বসাংধা,লক্ষিপুর,পুলুম,হরিশপুর সহ বিভিন্ন এলাকায় অতি বৃষ্টিতে সবজি ক্ষেত তলিয়ে গেছে৷ লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, করলা, পালংশাক,ঢেড়স,বেগুন,মূলা,কাঁচামরিচসহ বিভিন্ন শাকসবজির ক্ষেতে পানি জমে গেছে। এছাড়াও রোপা আমন ধান গাছ মাটিতে হেলে পড়েছে। কিছু কিছু জমির ধান তলিয়ে গেছে৷ থৈপাড়া গ্রামের কৃষক প্রদীপ বিশ্বাস বলেন ‘গত দুই-তিন দিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি আটকে গেছে। পানি বের হতে না পেরে সবজি সব নষ্ট হয়েগেছে । পাশাপাশি ধানের ক্ষেত তলিয়েগেছে৷
ক্ষেতে পানি জমে যাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে৷ কৃষক তপন ঘোষ বলেন, এ বছর বেশি লাভের আশায় বেশ কিছু জমিতে শীতের আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছি। কিন্তু গত তিন দিনের টানা বৃষ্টিতে কপি খেতে পানি জমে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও কাঁচামরিচ ও বেগুন ক্ষেত আগেই নষ্ট হয়েগেছে৷ কিছু কিছু পানির নিচে তলিয়েগেছে৷
এব্যাপারে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন বলেন, অতিবৃষ্টিতে ফটকী ও চিত্রা নদীর পানি বৃদ্ধি জনিত কারনে উপজেলার থৈপাড়া,বরইচারা সহ বিভিন্ন এলাকার জমির সবজি ও আমন ধানের জমি তলিয়েগেছে৷ আবার কিছু কিছু এলাকায় সবজি ও আমন ধানের জমিতে পানি জমে আছে৷ ফলে ফটকী ও চিত্রা নদী খনন করে এর নব্যতা ফিরিয়ে আনতে হবে৷ পাশাপাশি নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ড বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷