মাগুরা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামা বাজার ফেরিঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে মধুমতি নদীর দুই পাড়ে হাজারো মানুষের ভিড় দেখা যায়।

শত বছরের বার্ষিক এই নৌকা বাইচ প্রতিযোগিতা কে কেন্দ্র করে ঝামা বাজার এবং ফেরিঘাট এলাকায় বসেছে গ্রামীণ মেলা। মেলায় বড় বড় মাছ, মাংস, বাহারি রকমের মিষ্টির দোকান, বাচ্চাদের খেলনা, চুড়িমালার দোকানসহ
নানা পণ্যের পশরা সাজিয়ে বসেছিল দোকানিরা।

নৌকা বাইচ প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলায় মধুমতি নদীর দুই পাড়ে মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সব বয়সী নারী পুরুষ উপস্থিত হয় । প্রতিবছরের ন্যায় এ বছরও নৌকা বাইচের আয়োজন করায় দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

স্থানীয় ঝামা গ্রামবাসীদের আয়োজনে এবারের মেলায় মোট ছয়টি বাইচ নৌকা প্রতিযোগিতায় অংশ নেয় । এ প্রতিযোগিতায় গোপালগঞ্জের কাশিয়ানির রেজাউল করিমের নৌকা প্রথম , নড়াইলের লোহাগড়ার কামরুল ইসলামের নৌকা দ্বিতীয় এবং কাশিয়ানীর আব্দুর রাজ্জাকের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পিতা আক্কাস শেখ। এ সময় নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, মোহাম্মদপুর যুবদলের সভাপতি মো: মিজান প্রমুখ।
অতিথিরা বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার নগদ ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার নগদ ১০ হাজার টাকা এবং ৩য় পুরস্কার নগদ ৫ হাজার টাকা তুলে দেন ।
শতবর্ষি এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা এবছর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছে আগত দর্শনার্থীরা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকুক এমনটাই চাই এলাকাবাসী এবং নৌকা বাইচ ও মেলায় আগত দর্শনার্থীরা।