‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন মেনে চলা, ট্রাফিক নিয়ম অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সভায় স্বাগত বক্তব্য দেন মাগুরা সার্কেল বিআরটিএর পরিচালক (ইঞ্জি.) কেশব কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুনর রশীদ, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ ড. আলফাজ উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নার, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক, নিরাপদ সড়কের সভাপতি আবু ইমাম বাকের এবং মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ খান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো সম্ভব।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।