মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার জগদল ইউনিয়নের মাধবপুর মোড়ে মোঃ আতিয়ার মোল্লা নামে এক ভ্যানচালকের ওপর হাতুড়ি ও লাঠি দিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত আতিয়ার মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আতিয়ার মোল্লা মাগুরা সদর উপজেলার খোদ্দ সোনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত রাশেদ মোল্লা।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর মোড় এলাকায় আতিয়ার মোল্লার ওপর কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালান। এ সময় তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা তার মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়ে যান বলে অভিযোগ করেন আতিয়ার।
আতিয়ার মোল্লার অভিযোগ, ভ্যানের ব্যাটারি কেনার জন্য তার পকেটে থাকা প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তার ভ্যানটিও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের অভিযোগ, হামলার ঘটনায় মাধবপুর ও রূপাটি এলাকার হাবিব, মাহবুব, সোহান, উভয়ের পিতার নাম হেকমত শিকদার। মোকসেদ, সোহাগ ও সাদ্দামসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।
তবে হামলার কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগে হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না এবং এলাকাতেও তিনি ছিলেন না।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।