শ্রীপুরে মিলন মণ্ডল নামে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণের চেইন, হাতের বেচলেট, আংটি ও নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রক্সি মণ্ডল (১৮) নামে এক যুবক মারাত্মক আহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের পাশে বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রক্সি মণ্ডল কাদিরপাড়া পূর্বপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে মিলন মণ্ডল বলেন, রাতে আমি, আমার ভাতিজা রক্সি ও বড় ভাই দুলাল মণ্ডল রাধানগর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বটতলা পার হয়ে ১০০ গজ পশ্চিমে গেলে এলাকার কিছু লোকজন আমাদের গতিরোধ করে। আমার কাছ থেকে স্বর্ণের চেইন, হাতের বেসলেট, আংটি ও আমার কাছে থাকা বাড়ি নির্মাণের ৩ লাখ টাকা ৮ থেকে ১০ জন মিলে ছিনিয়ে নেয়। ভাতিজা রক্সির কাছ থেকে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় সে বাঁধা দিলে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। আমি তাদের চিনতে পেরেছি। আমি একজন কুয়েত প্রবাসী। এক মাস হলো বাড়িতে আসছি৷ আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাদের নাম প্রকাশ করছি না। তবে আমি এ ব্যাপারে প্রশাসনের দারস্থ হবো।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।