মাগুরা জেলা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মনোয়ার হোসেন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়, দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করারও সময়। নেতাকর্মীদের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, আখতার হোসেন, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে মাগুরা জেলা বিএনপি। এর মধ্যে মাগুরা ট্রাক টার্মিনাল এলাকায় বৃক্ষরোপণ এবং পারনান্দুয়ালী খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব কর্মসূচিতে মনোয়ার হোসেন খানসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।