মাগুরা প্রতিনিধি:
বেতন-ভাতাসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাগুরায় কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।
সোমবার (৬ জুলাই) সকালে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন জেলার এআই টেকনিশিয়ানরা। এ সময় তারা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মবিরতিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা গবাদিপশুর কৃত্রিম প্রজনন, চিকিৎসা সহায়তা, প্রজনন স্বাস্থ্যসেবা ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারের প্রাণিসম্পদ উন্নয়নের নানা কর্মসূচি বাস্তবায়নে এআই টেকনিশিয়ানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
বাবলু মণ্ডলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হোসাইন, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মিত্র, রফিকুল ইসলাম বাতেনসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা।