“ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো” এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ।
মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা বাসীর উদ্যোগে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাকেল নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সম্প্রীতির এই ফুটবল ম্যাচে মুখোমুখি হয় মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ও শ্রীপুর ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণে জমিয়ে তোলে মাঠের লড়াই। পরে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ
১-০ গোলে শ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় খেলার প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, “মাদক প্রতিরোধ, গ্রামীণ জনপদের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যেই এ ধরনের সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সামাজিক সমস্যা প্রতিরোধে জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে।”
খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোর্কী।
সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদারের বার্তা নিয়ে আয়োজিত এ ফুটবল ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।