শহীদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাগুরা-২ আসনের সাংসদ এ্যাড: নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নয়টা বাজার আগেই আমাদের অফিস সচিবালয়ে পৌঁছে যান এবং নিরলসভাবে তিনি কাজ করে যান। আমাদের জন্যও এটি শিরোধার্য। সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবে কিন্তু কাজের গাফিলতি হলে তাকে বিদায় নিতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত শালিখা উপজেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আপনারা আপনাদের দপ্তরে কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অন্যায়কারীর জন্য কোন তদবির চলবে না। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা চাই।
তিনি আরো বলেন, আমরা অন্ধকার যুগের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যে দেশ আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যেতে পারে।আমরা ডুবন্ত সূর্যকে প্রজ্জ্বলিত করতে চাই। সমস্ত প্রকার ঘুষ, দুরনীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী গুলোকে আমাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। মনে রাখবেন চাঁদাবাজ, ডাকাত এদের কোন দল নাই।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। আমরা একটি গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের এবং জুলাই অভ্যর্থনে যারা নিহত হয়েছেন যাদের রক্তে এই বাংলার সবুজ মাটি ভিজে আছে এখনো। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ সাইমুন নেছা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মিথুন রায় চৌধুরী,শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন , জেলা বিএনপির সদস্য মোঃ শামসুর রহমান, মোতালেব হোসেন শিকদার, মুন্সি শহীদুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান নবাব প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী দিঘোগ্রাম খাল, কাঠালবাড়িয়া খাল ও শালিখার চিত্রা নদী খনন কাজ পরিদর্শন করেন।