ঝিনাইদহ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজকর্মী, সফল উদ্যোক্তা ও তরুণ রাজনৈতিক সংগঠক ওবায়দুল হক রাসেল।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী, বন্ধু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ওবায়দুল হক রাসেল বলেন,“কালীগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, সৎ ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে কাজ করতে চাই।”
স্থানীয়ভাবে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং তরুণ নেতৃত্ব হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনকে ঘিরে এবারের নির্বাচন ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।