শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি-
মাগুরার শালিখা উপজেলার সরিষা ক্ষেত যেন চোখ জুড়ানো হলুদ-সবুজের সমারোহ। বিস্তৃত ক্ষেতের পাশে দাঁড়িয়ে যেদিকেই তাকানো হয় সেদিকেই হ্লুদ সরিষা ফুল আর ফুলের মৌ মৌ গন্ধ। শালিখা উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বিশেষ করে উঁচু জমিতে এবার ব্যাপক হারে সরিষার আবাদ হয়েছে। মাঠ গুলোতে পৌষের হিমেল বাতাসে দোল খাচ্ছে ফুল। শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশায় মোড়ানো এসব জমিতে যেন অপরূপ সৌন্দর্যের চাদর বিছানো। কোথাও মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি আবার কোথাও পাখির কলকাকলি ক্ষেতের সৌন্দর্যকে আরও অর্থবহ করে তুলেছে।
হলদে ফুলের অপার সৌন্দর্য উপভোগের জন্য আসছে মানুষ। উপজেলার ভাটোয়াইল গ্রামের রেজাউল মোল্লা জানান, তিনি দুই একর জমিতে সরিষার আবাদ করেছেন। ফুল দেখে মনে হচ্ছে ফলন এ বছর ভালোই হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা বিক্রি করে লাভবান হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
শতখালী গ্রামের কুটি মিয়া জানান, গত বছর সরিষা বিক্রি করে ভালো দাম পেয়েছেন তিনি। এবছর এক বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত বলেন, এ বছর শালিখা উপজেলায় ৭ হাজার ৩ শত ৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবছর ৭,৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। বাজারে সয়াবিন সহ অন্যান্য ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে গত মৌসুমে সরিষার ব্যাপক চাহিদা ছিল। এবারও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। গাছ দেখে বোঝা যাচ্ছে ফলন ভালো হবে। সরিষা একটি লাভজনক ঝুঁকিমুক্ত ফসল। সরিষার আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের বীজ, সার ও পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে।