মাগুরা প্রতিনিধি –
মাগুরা জেলার শালিখা থানার ধনেশ্বরগাতী ইউনিয়নের দেবীলা গ্রামে ৭ বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে বলাৎকারের অভিযোগে অনিক মোল্লা (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শালিখা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত অনিক মোল্লাকে গ্রেফতার করে। তাকে শিশু আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানায়।
শিশু রোহানের পরিবার জানায়, সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রোহান দেবীলা মাঠের পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী অনিক মোল্লা তাকে ফুসলিয়ে কাছের একটি ফাঁকা ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে বলাৎকারের শিকার হতে হয়। পরে সন্ধ্যায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, “ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে শিশু আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”