মাগুরা প্রতিনিধি-
মাগুরার পাল্লা মান্দারতলা এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক আরোহী মারা যান। অন্য আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৭)। তার বাড়ি মাগুরা স্টেডিয়াম পাড়ায়, গ্রামের বাড়ি মহম্মদপুরের পলাশবাড়িয়া। নিহতের পিতা মাহবুবুর রহমান সেনাবাহিনীতে চাকরি করতেন এবং বর্তমানে এলপিআরে রয়েছেন।
গুরুতর আহত ব্যক্তির নাম রিয়াজ। তার বাবার নাম ইউসুফ, বাড়ি মালিগ্রাম। স্থানীয়রা আহত রিয়াজকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে ফরিদপুরে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।