খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই রাতে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হলেন-জিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল (৬০)।
থানা পুলিশ জানায়, তদন্তাধীন একটি মামলায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার তিন নেতাকে ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে একটি মামলা হয়। সে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।”
এদিকে গ্রেফতার অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাদের কেউ কেউ গ্রেফতারের ন্যায়সঙ্গত দিক তুলে ধরছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করছেন।
