মাগুরা প্রতিনিধি –
তারুণ্যের উৎসব, খেলাধুলার প্রাণচাঞ্চল্য এবং জুলাই শহীদদের স্মরণে মাগুরায় শুরু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫’। শুক্রবার সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জুলফিকার আলী খান, মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাগুরার ১০ পরিবারের সদস্যরা।
মাগুরা জেলা পরিষদ এবং চিকিৎসক সিমিন মজিদ আখতারের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ লিগের আয়োজন করেছে। ১৬ ক্লাবের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে এক মাসেরও বেশি সময়।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয়, জেলা ক্রীড়া সংস্থা এবং বিসিবির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিস্তব্ধতা পালন করা হয়। অতিথিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিগের সফলতা এবং মাগুরার ক্রিকেট অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।
শহীদ সোহান শাহের বাবা শাহ সেকেন্দার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার তরুণরা দেশের গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিল। সেই শহীদদের নামে এই লিগ আমাদের পরিবারের জন্য সম্মান ও আবেগের বিষয়।”
বিসিবির পরিচালক জুলফিকার আলী খান বলেন, “বাংলাদেশে প্রথম জেলা হিসেবে মাগুরায় এ বছর প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াল। স্থানীয় ক্রিকেট উন্নয়নে মাগুরার এই উদ্যোগ অন্য জেলার জন্য উদাহরণ।”
পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “মাগুরা তরুণদের শহর—এই লিগ তরুণদের সুস্থ ধারার সম্পৃক্ততায় আনবে এবং শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে।”
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “জুলাইয়ের শহীদদের স্মরণ করে আমরা শুধু ইতিহাসই নয়, ভবিষ্যত প্রজন্মের উন্নয়নে কাজ করতে চাই। এই লিগ মাগুরার ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করবে।”
উদ্বোধনী ম্যাচে ভায়না ক্রিকেট একাডেমি ও মইন উদ্দিন স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলা উপলক্ষে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ক্রীড়া সংস্থা সূত্র জানায়, মাগুরায় সর্বশেষ ২০২২ সালে দ্বিতীয় বিভাগ ও ২০২১ সালে প্রথম বিভাগ লিগ অনুষ্ঠিত হয়েছিল। পরে অ্যাডহক কমিটি লিগ আয়োজনের উদ্যোগ নিলেও আবহাওয়া ও মাঠের অনুপযোগিতার কারণে তা স্থগিত থাকে। এবার প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের, যা স্থানীয় ক্রিকেটারদের প্রতিযোগিতা, দক্ষতা ও ফিটনেস উন্নয়নে ভূমিকা রাখবে।
জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই লিগ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়—মাগুরার সামাজিক, সাংস্কৃতিক ও তরুণ সমাজের অগ্রগতির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। সুষ্ঠু ও সফল আয়োজনের মাধ্যমে মাগুরার ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাওয়াই আয়োজকদের লক্ষ্য।
মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে মাগুরা প্রেসক্লাব।


