মাগুরা মহম্মদপুর প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে এক গৃহবধূকে কু-প্রস্তাব, অপহরণ ও অর্থ আত্মসাতের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ আম্বিয়া বেগম (২৪), স্বামী মোঃ স্বপন খান, সাং–পাল্লা চরপাড়া, ইউপি–দীঘা, থানা–মহম্মদপুর, জেলা–মাগুরা। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিবাদী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (২২), পিতা রিয়াজুল মোল্যা, একই গ্রামের বাসিন্দা, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি স্বামী ও স্থানীয়দের জানালে আশরাফকে এ বিষয়ে নিষেধ করা হয়, তবে এরপরও সে বিরক্ত করতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, আম্বিয়া বেগমের স্বামী রাতে মাছ ধরতে গেলে সুযোগে আশরাফ রাতের বেলায় তার বাড়িতে গিয়ে কু-প্রস্তাব দিত এবং তার সাথে চলে যেতে চাপ দিত। ভুক্তভোগী রাজি না হলে সন্তানদের ক্ষতির হুমকিও দেয়।
গত ২৪ অক্টোবর দুপুরে আশরাফ পুনরায় তার বাড়িতে এসে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে আম্বিয়া বেগম তার স্বামীর ঘরে রাখা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও দুই মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে আশরাফের সাথে চলে যান। আশরাফ তাকে ফরিদপুর জেলার মধুখালী থানার আশাপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং সেখানে রাতে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
পরের দিন সকালে আশরাফ নাস্তা ও প্রয়োজনীয় জিনিস আনার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু আর ফিরে আসে না। পরে ভুক্তভোগী বুঝতে পারেন, তিনি স্বামীর বাড়ি থেকে নিয়ে যাওয়া নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকাও সঙ্গে করে নিয়ে পালিয়েছে আশরাফ।
ঘটনার পর ভুক্তভোগী স্বামীসহ পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।