শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরায় আসন্ন দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মাগুরা প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমেদ, জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহব্বায়ক রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম।
মতবিনিময় সভায় পূজা উদ্জাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্জাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাল, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের স্বপন কুমার সিংহ, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু ঠাকুর।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন,
ফ্যাসিবাদী সরকার গত ১৫ বছর ধরে এদেশের জনগণের উপরে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ সমস্ত জায়গায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যেখানে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হয় নাই। দিনের ভোট রাতে দিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে টিকে ছিল এই ফ্যাসিবাদী সরকার। এ সময় তারা দেশের পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। ৫ ই আগস্ট দেশের সাধারণ জনগণ ফ্যাসিবাদী সরকারকে রুখে দিলে এক নতুন বাংলাদেশ সৃষ্টি হয়। দেশ পুনর্গঠন এর কাজ চলছে, আসুন আমরা সবাই মিলে দেশকে নতুন ভাবে সাজায়।
এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার করা হবে বলে জানান।
উল্লেখ্য, এ বছর মাগুরা সদর উপজেলায় ১৯৭, শ্রীপুরে ১৩৫, শালিখায় ১২০ ও মহম্মদপুরে ১০২ টি সহ মোট ৫৫৪ টি পূজা মন্দিরে এবার দূর্গা পূজা উদযাপন করা হবে ।