মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল, ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা শহরের জামরুলতলায় খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করে অধিদপ্তর। এ সময় মেসার্স ভাই ভাই স্টোর-এ নকল ও নিম্নমানের শিশু খাদ্য পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা, এবং একই অপরাধে মেসার্স মামুন স্টোর-এর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।