মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সোমবার (১৩ অক্টোবর) শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে অংশ নেয় জেলা বীজ প্রত্যয়ন অফিস, মাগুরা ও উপজেলা কৃষি অফিস, শ্রীপুর।
অভিযানে বিভিন্ন বীজ ও সার ডিলার, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
এসময় মেসার্স কামাল বীজ ভান্ডার প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ব্যতীত বীজ ক্রয়-বিক্রয়, অননুমোদিত বীজ বিক্রয়, আমদানিকারকের ট্যাগ বিহীন বীজ সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কামাল উদ্দিন-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ইভা এন্টারপ্রাইজ নামে একটি বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রি ও যথাযথ ভাউচার সংরক্ষণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. জাফর আলী বিশ্বাস-কে একই আইনের ৪০ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
মোট দুই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন অমান্য না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সুশান্ত কুমার তরফদার, উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তাদের অধিকার সংরক্ষণে ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।