মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু একসঙ্গে গ্রামের পাশের খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা আর উপরে না উঠলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় খাল থেকে তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আনুমানিক আড়াইটার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার পরপরই ঘটে। হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়েছিল।
একই পরিবারের তিন শিশুর অকাল মৃত্যুতে চাপাতলা গ্রামসহ পুরো বালিদিয়া ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি, আর শোকের মাতমে স্তব্ধ হয়ে আছে গোটা এলাকা।
স্থানীয়রা জানান, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। প্রতিদিনের মতো শনিবারও তারা একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই মর্মস্পর্শী দুর্ঘটনা, যা পুরো গ্রামবাসীকে গভীর শোকে নিমজ্জিত করেছে।