মাগুরা প্রতিনিধি :
পরিবেশ নিরাপত্তা,স্বাস্থ্য ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাগুরায় কৃষকদের নিয়ে পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) বিকেলে সদর উপজেলার মঘী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ সভার আয়োজন করে ওমর গ্রুপ। স্থানীয় কৃষক মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফল কুমার বিশ্বাস ও মো. আশরাফুল আলম। অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওমর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: ওমর আলী।

প্রধান বক্তার বক্তব্যে ওমর আলী বলেন, প্রচলিত রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষকের শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি জমির উর্বরতা নষ্ট করে এবং ফসলের মান কমিয়ে দেয়। এর পরিবর্তে প্রাকৃতিক উপায়ে পেস্ট কন্ট্রোল করলে জমির ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশ থাকে দূষণমুক্ত। কৃষি ক্ষেত্র ছাড়াও বর্তমানে শিল্প কলকারখানা ও আবাসিক এলাকায় এর ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি আরো বলেন ২০১৯ সাল থেকে বাংলাদেশে পরিবেশ বান্ধব পেস্ট কন্ট্রোল করে আসছেন তার কোম্পানী ।
আলোচনা সভা শেষে পরিবেশবান্ধব পেস্ট কন্ট্রোল বিষয়ে অবদান রাখায় মাগুরা কৃষি বিভাগের পক্ষ থেকে মোঃ ওমর আলীকে সম্মাননা দেওয়া হয়। এসময় সভায় এলাকার প্রায় শতাধিক কৃষক ও সুধীজন অংশগ্রহণ করেন।