আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে তারা মারা যান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের লাইফ কেয়ার নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তারা মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।