মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের যুবক আলী হোসেনের বিয়েতে যোগ দিতে হেলিকপ্টার যোগে সৌদি নাগরিক মাগুরায় পৌঁছেছেন। সৌদি আরবের আল জুবাইল শহরের এক ব্যবসায়ীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আলী হোসেনের বিয়েতে অংশ নিতে আবদুল আজিজ ও বিন সাইদ আল মাহান নামে আপন দুই ভাই আজ বুধবার দুপুরে ঢাকার বিমানবন্দর থেকে মহম্মদপুরের বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক স্কুল মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন।

দুই সৌদি নাগরিকের উপস্থিতিতে স্থানীয়রা অবাক ও আনন্দিত। তাঁদের ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ হয় এলাকার মানুষ। দীর্ঘ সাত বছর ধরে সৌদি আরবে কর্মরত আলী হোসেনের সঙ্গে মালিকের গভীর সখ্য ও আস্থা তৈরি হয়েছে। বিয়ের আমন্ত্রণ পেয়ে সৌদি থেকে দেশে এসে আলী হোসেনের বিয়েতে বরযাত্রী হিসেবে অংশ নেবেন ওই দুই ভাই।
আলী হোসেন জানান, আমার কফিল (মালিক) আমার বিয়ের দাওয়াতে আমাদের বাড়িতে এসেছেন। আমি ওই কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত আছি। আমার আরেক ভাইও কফিলের প্রতিষ্ঠানে চাকরি করে। কফিল এক সপ্তাহের মতো আমাদের বাড়িতে থাকবেন। পরে আমি ও তিনিরা একসঙ্গে সৌদি আরবে ফিরে যাব।
স্থানীয় রায়পুর গ্রামের রকিবুল ইসলাম বলেন, আমাদের গ্রামে এর আগে কেউ হেলিকপ্টারে করে আসেনি। আলী হোসেনের সঙ্গে তারা এসে আমরা সবাই খুব খুশি।
সৌদি দুই নাগরিক বাংলাদেশে এসে দেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন এবং আলী হোসেনের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে এসেছেন। তারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় মানুষের ভালোবাসা পেয়ে তাঁরা আনন্দিত।