মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে মেসার্স বিশ্বাস ড্রাগ হাউজ নামক ফার্মেসিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়া বিক্রয় নিষিদ্ধ ঔষধ কমার্শিয়াল প্যাকেটে লুকিয়ে বিক্রয় করা এবং একই প্যাকেটে ২০২৭ সালের সঠিক মেয়াদের ঔষধের সঙ্গে ২০২১ সালের মেয়াদোত্তীর্ণ ঔষধ রেখে বিক্রয়ের প্রমাণ মেলে। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো: দীপক বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন অমান্যকারী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে বাজারের অন্যান্য দোকানও তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য সবাইকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।