খান জাহান আলী চৌধুরী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বউসাঁজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে নকল নোট ও বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চারজনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় বিউটি পার্লারের তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে আরও একজনকে আটক করা হয়।পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠায়। ওসি আরও বলেন, নকল নোট ও অস্ত্রের উৎস শনাক্তকরণের জন্য তদন্ত চলছে। এদিকে সোমবার সকালে উপজেলা পরিষদ রোডে পার্লারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আদালতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার নকল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের সিরিয়াল নম্বর ছিল ট ৮৬২৭৩৬৯। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার তাশলিমা আক্তার, মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার এবং ইব্রাহিমপুর গ্রামের সুলতান খন্দকারের মেয়ে লাকি বেগম।

অভিযানের সময় পার্লারের ম্যানেজার সাথী জানান, একটি মেয়ে ‘হাইড্রা ফেসিয়াল’ করার কথা বলে পার্লারে আসেন, দরদামের পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ব্যাগ থেকে নকল নোট ও অস্ত্র উদ্ধার করা হয়।ঘটনার সময়ের সিসিটিভির ক্যামেরার ৩১ সেকেন্ডের একটি ফুটেজে দেখা গেছে, রিকশায় করে এক তরুণী উপজেলার আদালতপাড়া মোড়ে আসেন। তাঁর পরনে ছিলে কালো রঙের পোশাক (থ্রি-পিছ)। মুখের নাক পর্যন্ত অংশ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তাঁর বাঁ কাঁধে একটি ব্যাগ ছিল। রূপচর্চাকেন্দ্রের পাশে সড়কের মোড়ে ওই তরুণী রিকশা থেকে নামেন। রিকশা থেকে ডান হাতে কালো রঙের আরেকটি ব্যাগ নিয়ে মোড় থেকে হেঁটে রূপচর্চাকেন্দ্রে যান তিনি।