মাগুরা প্রতিনিধি :
মাগুরা সদর উপজেলার আবালপুর মাধ্যমিক বিদ্যালয় ও আবালপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২১সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে প্রায় দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ হাসান খান কিজিল জেলা বিএনপির সদস্য, মো: রুবায়েত হোসেন খান জেলা কৃষকদলের সভাপতি, মোঃ হাসানুর রহমান হাসু যুগ্ম আহবায়ক জেলা সেচ্ছাসেবক দল, ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন। এছাড়াও বিএনপি ও সহোযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা দেওয়া হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন শিশুদের বই-খাতার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহিত করতেন, তেমনি আমরাও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিচ্ছি।
তিনি আরও বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য আর অক্সিজেন পেতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ যেমন মানুষের জীবন রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য বজায় রাখে।”

শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ শেষে আবালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে একটি আমলকি গাছের চারা রোপণ করেন মনোয়ার হোসেন খান।