খান জাহান আলী চৌধুরী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে দাদির সাথে ওযু করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীর লাশ পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ। সে ওই গ্রামে আবুল হাসনাত মেয়ে ও নবীনগর সরকারি কলেজ ডিগ্রি প্রথম বর্ষে ছাত্রী।
জানা যায়, ফারজানা আক্তার জুই (১৮) গত বৃহস্পতিবার ভোররাতে দাদির সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য বাড়ির পাশ্বর্বতী পুকুরে ওযু করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনার দুই দিন পর বাড়ির পাশে বিশাল পরিত্যক্ত পুকুরে ভেসে উঠে কলেজ ছাত্রীর লাশ। স্থানীয় এক ব্যক্তি গতকাল শনিবার সকালে সেই পরিত্যক্ত পুকুরে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
এই বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ না থাকলেও স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে,এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন।
তবে লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, আমরা লাশটি উদ্ধার করেছি,পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ নেই তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি,আশাকরি ময়নাতদন্তের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।