মাগুরা, ৫ আগস্ট ২০২৫:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শোষণ-বৈষম্য বিলোপ এবং পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলার উদ্যোগে আজ সকালে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাগুরা জেলা শাখার সদস্য মশিউর রহমান।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-শ্রমিক-জনতার আত্মবলিদানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি ও বিশ হাজারেরও বেশি মানুষ নির্যাতিত হওয়ার পর অবশেষে সেই শাসন ব্যবস্থার পতন ঘটে। তবে অভ্যুত্থানের ঠিক এক বছর পার না হতেই সেই আন্দোলনের চেতনা বিপন্ন হতে শুরু করেছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, সরকার মব সন্ত্রাস দমনের বদলে কখনো কখনো উসকানির ভূমিকা পালন করছে। নারীদের ওপর আক্রমণ, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর নিপীড়ন, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা, মাজারে হামলা ইত্যাদি ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।
তারা আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান সরকারেও কালোটাকা, চাঁদাবাজি, দুর্নীতি, স্বজনপ্রীতির ঘটনা চলমান রয়েছে। তাদের মতে, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, যা এখনো অধরাই থেকে গেছে।
নেতৃবৃন্দ দাবি জানান:
জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও দৃশ্যমান করতে হবে
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে
কালোটাকা ও পেশিশক্তিমুক্ত নির্বাচনের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে
মবসন্ত্রাস, নারী নির্যাতন, খুন-ধর্ষণ ও সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে
সাম্রাজ্যবাদী অপতৎপরতা প্রতিহত করতে হবে
সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা করেন, বর্তমান ফ্যাসিবাদী কাঠামো ভেঙে শোষণমুক্ত সমাজ গড়তে লড়াই অব্যাহত থাকবে।