যশোর প্রতিনিধ :
যশোর সদরের আরুপপুর ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবককে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে দুর্বৃত্তরা। আহত আলী বক্স বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, শনিবার (৩ মে ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। ভিকটিমকে স্থানীয় বিবাদী মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালে তারা প্রথমে বোমা নিক্ষেপ করে আলী বক্সকে আহত করে এবং পরবর্তীতে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার ফলে তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেন। আহত আলী বক্সের বাড়ি কৃষ্ণবাটি গ্রামে। তার পিতা বাবু বক্স। পরিবারের পক্ষ থেকে জানা যায়, পুরনো শত্রুতার জেরেই এই নির্মম হামলা চালানো হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। রাইসুল ইসলাম অপু যশোর