সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের তিন মহাসড়কে মহাভোগান্তি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু, a যশোর প্রতিনিধি:

যশোরের তিনটি মহাসড়কে বেহাল দশা। মহাসড়কগুলোর প্রায় ৩৭ কিলোমিটার অংশে ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। কোথাও পিচ জড়ো হয়ে তৈরি হয়েছে উঁচু ঢিবি। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনগুলো দুর্ঘটনার সম্মুখীন বেশি হচ্ছে। এমনকি ঘটছে প্রাণহানিরও ঘটনা। অপরদিকে এসব সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনেরও যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন যানবাহনের মালিকরা। বিভিন্ন সময় সড়কগুলোতে সংস্কার কাজ করা হলেও দুর্ভোগের লাগাম টানতে পরেনি সড়ক বিভাগ। কাজের মান খারাপ ও অতিবৃষ্টিতে সড়কগুলো আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

 

সড়কগুলো হচ্ছে যশোর-খুলনা, যশোর-বেনাপোল ও যশোর-ঝিনাইদহ মহাসড়ক। যশোর-খুলনা মহাসড়ক গত এক দশকেরও বেশি সময় বেহাল দশায় রয়েছে। সড়কের দুপাশ ঘেঁষে পিচঢালাই সরে উঁচু উঁচু ঢিবি তৈরি হয়েছে। কোথাও কোথাও সম্পূর্ণ পিচ উঠে গেছে। বছরের পর বছর শত শত কোটি টাকা ব্যয় করেও এই সড়কের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাস্তা নির্মাণে চরম অনিয়ম আর দুর্নীতির কারণে সড়কটি আশানুরূপ মানে উন্নীত হয়নি, এটি দীর্ঘদিনের অভিযোগ। দফায় দফায় সংস্কারের পিছনেও বরাদ্দ দেওয়া হয় কোটি কোটি টাকা। তারপরও সড়কটি জাতীয় মানের কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি।

 

স্থানীয়রা জানান, ভাঙাচোরা সড়কে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে। কোনো কোনো স্থানে পুরো পিচই (বিটুমিন) উঠে গেছে। ফলে বিটুমিন দিয়ে সংস্কার করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যশোর থেকে উত্তরবঙ্গের সড়কপথে যাতায়াতের একমাত্র পথ যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাঠি বাজার অংশে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

 

সওজের তথ্য অনুযায়ী, যশোর-খুলনা মহাসড়কে ২০ কিলোমিটার, যশোর- সাতক্ষীরা মহাসড়কের নাভারণ থেকে বাগআঁচড়া পর্যন্ত ৭ কিলোমিটার, যশোর- ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া যশোর-ঢাকা মহাসড়কের মণিহার অংশে ১ কিলোমিটার সড়ক বেহাল। তবে ভাঙাচোরা সড়কের বিস্তার আরও বেশি। এসবের মধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়ক বিশেষ প্রকল্পের আওতায় ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।

 

শহরের চুড়ামনকাঠি এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর অংশে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় খোয়া দিয়ে মেরামত করে গেলেও তা টেকসই হয়নি। সর্বশেষ কিছুদিন আগে সড়কের চূড়ামনকাঠি বাজার অংশে ইটের সলিং করে রেখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঝেমধ্যেই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

 

যশোর-খুলনা মহাসড়কে নিয়মিত বাস চালান আব্দুল মজিদ। তিনি বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। নির্দিষ্ট সময়ে আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি না। খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত আমাদের গাড়ি নষ্ট হচ্ছে। এ জন্য গাড়ি মেরামতের খরচ বেড়ে যাচ্ছে।

 

এ সড়কে নিয়মিত যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ভাঙাচোরা এ রাস্তা দিয়ে দিনে চলাচল করতে পারলেও রাতে খুব কষ্ট হয়। আগে যাতায়াতে যে সময় লাগত এখন সে সময়ের মধ্যে পৌঁছতে পারি না। সুস্থ মানুষও অনেক সময় এ পথে চলাচল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

যশোর-সাতক্ষীরা মহাসড়কে যাতায়াত করা ট্রাক চালকরা বলছেন, এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর যাতায়াত করতে হয়। অথচ সড়কটি বেহাল অবস্থা। ঝিকরগাছার লাউজানি, পুলেরহাট, নাভারণ অংশের সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিগত দিনে সড়ক সংস্কারের নামে টেন্ডারবাজি এবং দুর্নীতি করা হয়েছে।

 

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, চলতি বছর অতিবৃষ্টিতে যশোরের বিভিন্ন মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ, যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেশকিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এগুলো জরুরি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর যশোর-খুলনা মহাসড়কে আড়াই কিলোমিটার ঢালাই কাজের দরপত্র প্রক্রিয়াধীন। এছাড়া বিভিন্ন মহাসড়ক জরুরি সংস্কারের জন্য সেপ্টেম্বরে ৭ কোটি টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর