রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে খাল বাটবিলা এলাকায় দূর্বাডাঙ্গা-কোনাকোলা সড়কের পাশে মাঠের ভেতর থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক স্যানাটারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে মাঠে লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ।
তার শরীরে একাধিক জখম ও রক্তাক্ত চিহ্ন ছিল।
নিহত জহিরুল ইসলাম পার্শবর্তী গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানাটারী পার্টস্ এর দোকান রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে নিজের স্যানেটারীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে তাকে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। নিহতে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, আজ সকালে পথচারীরা ঝোপের মধ্যে তার লাশ দেখে থানায় খবর দেয়। এরপর সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে।