রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরাধীদের দ্রুত আটক করার জোর দাবি জানিয়ে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ ই ডিসেম্বর) ভোর রাতে প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ বোমা হামলা চালানো হয়।
এঘটনায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন,স্বৈরাচার বিরোধী আন্দোলনে আ.লীগ সরকার ও তার অনুসারীরা দেশ ছাড়া হলেও তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে এ চক্রটি। তিনি বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দিকী সুস্থ্য ধারার রাজনীতি চর্চা করে আসছে। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বর্পূণ ভুমিকা ছিল তার। তাকে হত্যার উদ্দেশ্যে আ.লীগের ষড়যন্ত্রকারীরা এ হামলা চালিয়েছে। এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
এদিকে প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। জনগনের কল্যাণে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকাণ্ডকে পছন্দ করছে না। তারা আমার বাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে আতঙ্কর সৃষ্টি করছে। এরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধ মূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।
এ দিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্রদলের সভাপতি মো. শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন প্রমুখ।