শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরা সদরের আলমখালি বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পন্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা।
। এছাড়াও এসময় বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প, পুলিশ বাহিনী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান মাগুরায় চলমান রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করছি যাতে তারা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।