শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ঢাকাস্থ মাগুরা ফোরাম। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কাজীপাড়ায় কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক ড. মো. আলী আফজাল। পরে অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন মো. আলমগীর হাসান রাজু। এ সময় সংগঠনটির গঠনতন্ত্র উপস্থাপনা করেন আহ্বায়ক ড. মো. আলী আফজাল।

পরবর্তীতে ঢাকাস্থ মাগুরা ফোরাম এর নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ডা. মো. আলী আফজলকে সভাপতি এবং মো. আলমগীর হাসান রাজুকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ডা. মো. আলী আফজল বলেন, মাগুরা জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলো, এখনো কিছুটা অবহেলিত রয়েছে। মাগুরার উন্নয়নে আমরা কাজ করবো। এছাড়াও
মাগুরা থেকে যারা ঢাকায় আসেন, তাদের অনেকেরই অনেক সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তাদের সহযোগিতা করবো। আমাদের নিজেদের মধ্যে বন্ধনটা যাতে আরো দৃঢ় হয় সে বিষয়ে আমরা কাজ করবো।
তিনি আরো বলেন, মাগুরা থেকে যেসব ছেলে-মেয়ে ঢাকায় পড়াশোনা করতে আসে তাদের থাকার খাওয়ার ব্যবস্থা, টিউশনিসহ চাকুরির ব্যবস্থা আমরা সবাই মিলে করতে পারি। এর আগে যারা ক্ষমতায় থেকেছেন তারা স্বল্পমেয়াদী উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা দীর্ঘমেয়াদী কাজ করতে পারি। মাগুরার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। দীর্ঘদিন ধরে মাগুরা টেক্সটাইল মিল বন্ধ রয়েছে। এগুলো চালুর উদ্যোগ নিতে পারি। মেডিকেল কলেজ ও সড়ক চার লেনের কাজ অনেকটা থেমে আছে। আমরা সেগুলো এগিয়ে নিতে কাজ করতে পারি।
এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুর রহমান মনির, সাংবাদিক মো. শহিদুল ইসলাম, শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আজমত হোসাইন, ডা. মো. সোলাইমান হোসেন ও মো. আনিসুর রহমান বিশ্বাস, ড সাইয়েদ আলী, নাজমুল ইসলাম রাজা ও মেসবাহুল কবীর মুক্ত প্রমুখ।