নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে মাগুরায় বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটির সদস্য নিয়ে গঠিত ০৪টি টিম মাগুরা জেলার সদর (জামরুল তলা, একতা কাঁচা বাজার, বেরইল পলিতা বাজার ) ও মহম্মদপুর উপজেলার (নহাটা ) বাজার পরিদর্শন করে ।

পরিদর্শনকালে পাইকারি ও খুচরা পর্যায়ে আলু, পেঁয়াজ, কাঁচা শাক-সবজি, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সরবরাহ, ক্রয়-বিক্রয় রশিদ, পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় মূল্য এবং মূল্য তালিকা যাচাই করা হয়। এসময় ন্যায্য মূল্যে এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জেলা প্রশাসন কর্তৃক ০২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার এবং টাস্কফোর্স কর্তৃক ০২টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার সহ সর্বমোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান,
জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি জনাব মো: আনিছুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জনাব মো: আলমগীর হোসেন, জনাব বি এম নাসিম উজ্জামান ও
শিক্ষার্থী প্রতিনিধিরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিদিনই বিভিন্ন বাজার পরিদর্শন করছি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।