জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
হাসিনা সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় এস এম রাষ্টু নামের এক ব্যক্তি বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে এই মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলাটি হয়েছে।
মামলার লিখিত এজাহারে বলা হয়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারণাসহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে মির্জাপুরে উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছামাত্র তার গাড়িবহরটিকে চারপাশ থেকে ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। এসময় মোক্তাদির চৌধুরীর সন্ত্রাসীরা কেরোসিন ও পেট্রল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের জিপসহ ২টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে মোকতাদির চৌধুরীর অবৈধ হস্তক্ষেপে পুলিশ মামলা গ্রহন করেনী। এই ঘটনায় এস এম রাষ্টু বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, ২৩ আগস্ট মাদরাসাছাত্র হোছাইন আহম্মেদ হত্যার অভিযোগে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। পরদিন ২৪ আগস্ট আরেক
মাদ্রাসাছাত্র মাসুদ আহমেদ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা হয়।