মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুর্গাপূজাকে ঘিরে কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ৮ টি ইউনিয়নের ১৪৯ টি পূজামন্ডপে নানা আচার-অনুষ্ঠান, ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে দেবী দুর্গার সান্নিধ্যে নিজেদের আত্মশুদ্ধির জন্য পূজারিরা আরাধনায় মগ্ন ছিলেন। সর্বত্র উৎসব-মুখর পরিবেশে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও ছিল প্রতিটি পূজা মণ্ডপে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাচিলাপুর সরকারি পুকুরে স্থানীয় প্রতিমা বিসর্জন ছাড়াও উপজেলার হানু নদী, কুমার নদ ও গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার ও শ্রীপুর ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. রবিউল ইসলাম শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন শেষ হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।
বুধবার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র প্রমূখ।
প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। প্রতি বছরের ন্যায় শ্রীপুর উপজেলায় এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিমা বিসর্জন চলমান রয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।