শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ সামসুর রহমান, দরিশলই ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিক সদ্দার, সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাসসহ বিএনপি ও এর বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম ও খতিব মোশাররফ হোসেন কাশেমী। এসময় জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ জাতি চিরদিনই স্মরণ করবে। উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে।