শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মহাসড়কের শতখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে যশোর সদর হাসপাতালে এবং অপরজনকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস শতখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ গাছের ভেতরে ঢুকে যায়।
দুর্ঘটনার পর বাসের যাত্রীদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে শালিখা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বাসের সামনের অংশ কেটে চালক ও তাঁর সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।