শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
বর্তমানে ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ফলে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের প্রসার ঘটেছে। এরই মধ্যে অনলাইন জুয়া একটি নতুন সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মাগুরার শালিখা উপজেলার অনেক যুবক এখন এই অনলাইন জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে৷ যা তাদের সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, যুব সমাজের একটি বড় অংশ স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপে জড়িয়ে পড়ছে। তারা প্রথমে সামান্য অর্থ দিয়ে শুরু করলেও পরে বড় অঙ্কের টাকা হারিয়ে পরিবারিক অর্থনৈতিক সংকটে পড়ছে।শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, ফলে শিক্ষার মানও নেমে যাচ্ছে। পাশাপাশি, অনেকেই ক্ষতি পুসিয়ে নিতে চুরি, প্রতারণা, এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনইচ্ছুক একজন অভিভাবক বলেন, “আমার ছেলে পড়াশোনার পরিবর্তে সারাদিন ফোনে জুয়ার অ্যাপে সময় কাটায়। অনেকবার বোঝানোর পরেও কিছুতেই সে ফিরে আসছে না।”আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আলী আহসান জানান, আমরা শিক্ষার্থীদের পরিবর্তন লক্ষ্য করছি। তাদের আগ্রহ কমে যাচ্ছে, মনোযোগে ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে৷ অনেক ছাত্ররাই অনলাইন জুয়া খেলছে৷ এতে এক দিকে পড়াশুনার ক্ষতি হচ্ছে অন্যদিকে সমাজে চুরি ছিন্তাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড বেড়ে চলেছে৷ এর থেকে পরিত্রান পেতে হলে পিতা মাথা সহ গার্জিয়ানদেরকে সচেতন হবে৷ তাদের সন্তান কোথায় যাচ্ছে কি করছে সব সময়ই খোঁজ রাখতে হবে৷ এব্যাপারে
কবি সাংবাদিক স্বপন বিশ্বাস বলেন, অনলাইন জুয়া খেলা একটি মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যুব সমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ। এবিষয়ে সমাজ সেবক মনিরুজ্জামান চকলেট বলেন,অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি, সচেতনতামূলক প্রচার এবং পরিবারের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূ্র্ন বলে আমি মনে করি৷ মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেন, সমাজের সচেতনতার জন্য নিয়মিত বিট পুলিশিং, উঠান বৈঠক করতেছি। শুধু জুয়া না সকল অপকর্ম সম্পর্কে আমরা মানুষকে সচেতন করতেছি। যে কোন বিষয়ে আপনারা আমাদের তথ্য দিন, আমরা সাথে সাথে একশন নেব।