রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তার চেক তুলে দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এসব চেক তুলে দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হতে হবে তার কর্মস্থল থেকে। রাষ্ট্র ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে।
কল্যাণ ট্রাস্টের ফান্ডের অপব্যবহারের সমালোচনা করে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। কোনো রকম বাছবিচার ছাড়াই ১৪ হাজার সাংবাদিককে ৫০ কোটি টাকা দিয়েছে। এসব টাকার বেশিরভাগই প্রকৃত সাংবাদিকরা পাননি। এখন পেশাদার সাংবাদিকরাই যাতে কল্যাণ ফান্ডের সুফল পেতে পারেন সেই লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে।
মুহাম্মদ আবদুল্লাহ আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে নতুন ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারা দেশে কর্মরত সত্তরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজীন খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারি মহাসচিব নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামানসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।