রাইসুল ইসলাম অপু, যশোর প্রতিনিধি:
যশোর শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর করেছে কিছু যুবক। ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি স্থানে নামফলক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ২৫-৩০ জন যুবক এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলে। তাদের হাতে লোহার পাইপ, হাতুড়ি ও শাবল ছিল। তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে।

এরপর তারা জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালও ভেঙে ফেলে। পরে তারা যায় পুরাতন কসবার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে উদ্বোধক হিসেবে থাকা শেখ হাসিনার নামফলক ভাঙচুর করে যুবকরা। তারপর তারা যশোর পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্ধেক ভাঙা ভাস্কর্যটিও পুরোপুরি ভেঙে ফেলে দেয়। এভাবে একে একে শহরের অন্তত সাতটি সরকারি প্রতিষ্ঠানে যেখানে শেখ হাসিনার নামফলক ছিল সেসব ভেঙে দেয়। মুক্তিযুদ্ধের ‘বিজয় স্তম্ভে’ থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ও সেখানকার নামফলক ভেঙে দেয় তারা।
এবিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, কয়েকটি স্থানে ভাঙচুর হয়েছে বলে শুনেছি। কে বা কারা করেছে সেটা জানা নেই।
ভাঙচুরের ঘটনার সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।