আলী হোসেন, বিজয় নগর সংবাদদাতাঃ
বেশভুষা দেখলে মনে হবে সাংবাদিক। গলায় সাংবাদিকতার পরিচয়পত্র ঝুলানো ছাড়াও হাতে রয়েছে টেলিভিশন সাংবাদিকতায় ব্যবহার হয় এমন ‘মাইক্রোফোন’। পোশাক ও বেশ পরিপাটি,সাথে ছিল প্রাইভেটকার।
প্রকৃতপক্ষে তারা এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে। সাংবাদিক পরিচয়ে মাদকও সেবন করেন তারা। শেষ মুহুর্তে পুলিশের হাতে ধরা পড়লে শেষ রক্ষা হয়নি তাদের।
ওদের পাঁচজনকে আটক করলেন বিজয়নগর থানা পুলিশ।
সাংবাদিকতার নামধারী ওরা পাঁচজন মূলত প্লাস্টিক ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে বিজয়নগর উপজেলার পাহাড় পুর ইউনিয়নের খাটিংগা এলাকায় থেকে সাংবাদিক বেশধারী প্লাষ্টিক ব্যবসায়ীদেরকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মূলগাওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী(২৮), একই এলাকার মোহাম্মদ আবুলের ছেলে মোঃ জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জের ভৈরবের বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫) একই এলাকার মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০), নরসিংদীর পলাশের আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। এর মধ্যে জুনায়েদ প্রাইভেটকার চালক।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, খাটিংগা সেতুর উপর চেক পোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় একুশে নিউজ স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার আসলে এতে চালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন৷ তাদের প্রাইভেটকারে একটি মাইক্রোফোন এবং গলায় ফিতা ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা পাঁচজনের নাম ঠিকানা যাচাই বাছাই করে জানা যায় তারা সাংবাদিক নন, তারা প্লাস্টিক ব্যবসায়ী। এক পর্যায়ে তারা স্বীকার করেন মাদক সেবন করেছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরার প্রক্রিয়া চলছে।