সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা মডেল স্কুলে নির্বাচনী প্রচারণা: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সচেতন মহলের

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা মডেল স্কুল প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকাল ১২টা ১৫ মিনিটের দিকে বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় শিক্ষার্থীদের সামনে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অভিযোগ অনুযায়ী,মাগুরা-১ (সদর ও শ্রীপুর) আসনের প্রার্থী জামায়াতের সাবেক জেলা আমির আব্দুল মতিন এবং মাগুরা-২ (মহম্মদপুর,শালিখা ও সদরের চারটি ইউনিয়ন) আসনের প্রার্থী এম.বি. বাকের ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে দলীয় বক্তব্য এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিক্ষা ও মূল্যবোধ গঠনের জায়গা। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা প্রচারণা চালানো অনুচিত। এতে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং শিক্ষা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।”

 

বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা শিক্ষা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জামায়াত মনোনীত মাগুরা-২ আসনের প্রার্থী এম.বি. বাকের বলেন,“আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম কেবল শুভেচ্ছা জানাতে ও দোয়া নিতে। শিক্ষার্থীদের অনেকের অভিভাবকই ভোটার,তাই তাদের সাথে সৌজন্য বিনিময় করেছি মাত্র।”

 

অন্যদিকে মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন,“বিদ্যালয় থেকে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এটি ওই শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যক্তিগত উদ্যোগে ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কার্যক্রম অনুমোদিত নয়।”

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাহিদুল ইসলাম বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়।শিক্ষার্থীদের সামনে রাজনৈতিক বক্তব্য দেওয়া শিক্ষার নীতির পরিপন্থী। শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় শিক্ষকসহ সবাইকে সংবেদনশীল থাকতে হবে।”

মডেল স্কুলের বাকি শিক্ষকরা প্রধান শিক্ষককে উক্ত কাজে বাধা দিলে প্রধান শিক্ষক জানান,জামাতের ওই দুই নেতা তার আত্মীয় হন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল জানান,“বিষয়টি আমরা জেনেছি। আগামী সপ্তাহের আইন-শৃঙ্খলা কমিটির সভায় এটি আলোচনার জন্য উপস্থাপন করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটি নিরপেক্ষ স্থান,যেখানে দলীয় প্রচারণা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, নির্বাচনকালীন আচরণবিধি কার্যকর হলে এই ধরনের কর্মকাণ্ড আইনি প্রশ্নেরও জন্ম দিতে পারে।

এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর