মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ২১টি দরিদ্র পরিবারের মাঝে ৪২টি বকরি ছাগল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী প্রকৃতি’র বাস্তবায়নে দারিদ্র্য বিমোচনমূলক ছাগল পালন প্রকল্পের আওতায় এ ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. দিবস রঞ্চন বাকচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান।