মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরা জেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিএনপি ও তার অঙ্গসংগঠন, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন।
সকাল সাড়ে ১১টায় নোমানী ময়দানে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। দুপুর ১২টায় জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকাল ৩টায় মাগুরা সরকারি শিশু পরিবারের মাঠে জেলা পর্যায়ে নারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় কালেক্টরেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাত ৭টায় জেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
এছাড়াও মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান। সভায় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ উপস্থিত সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।

