মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে মাগুরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটারদের প্রি-ট্রায়াল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাগুরা জেলা স্টেডিয়ামে এ ট্রায়াল অনুষ্ঠিত হয়।
ট্রায়ালে মাগুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটার অংশগ্রহণ করে। তরুণ ক্রিকেটারদের প্রতিভা যাচাই এবং ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরির লক্ষ্যে এ কার্যক্রম আয়োজন করা হয়।
ট্রায়াল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা ক্রীড়া সংস্থা, মাগুরার সদস্য সচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর রুবাইয়াত হোসেন খান। কার্যক্রম পরিচালনা করেন বিসিবির কোচ মনোয়ার আলী মনু ও মাগুরা জেলা ক্রিকেট কোচ আলামিন ডলার।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কোচ, সাবেক খেলোয়াড় ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সুশৃঙ্খল পরিবেশে প্রি-ট্রায়াল সম্পন্ন হয়েছে। ট্রায়ালে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইকৃতদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কার্যক্রমের মাধ্যমে জেলার নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।