মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবককে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বরুনাতৈল গ্রামের মো. হাফিজার মোল্যার ছেলে মো. আব্দুল্লাহ (২৮) এবং একই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. আহাদ হোসেন (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আহাদ হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।