মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. কাজল ইসলাম, মাগুরা জেলা শাখার আহ্বায়ক শতদল বিশ্বাস, শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা মনে করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।