মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা যায়, রোববার (১৪ জুন) রাতে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তার চিকিৎসার জন্য মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে আজ বিকালে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে হেলিকপ্টারযোগে ঢাকায় পৌঁছানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতেই তার শরীরে অস্ত্রোপচার করা হবে।